দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ।
বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার রাতে তো জায়গায় জায়গায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। যার ফলে শহর কলকাতা সহ জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতা বিমানবন্দর সংলগ্ন হলদিরাম এলাকায় এক হাঁটু জল জমে রয়েছে শনিবার সকালেও। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তেও জেলায় জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই নিম্নচাপটি গভীর হয়েছে। ধীরে ধীরে তা এগোচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপরে। ফলে সপ্তাহান্তেও চলবে বৃষ্টি।
শুক্রবার রাত পর্যন্ত শহরে (আলিপুর) বৃষ্টি হয়েছে ১১২.৫ মিলিমিটার। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দমদমে ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে সল্টলেক। সল্টলেকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৬৭.৫ মিলিমিটার। ডায়মন্ড হারবারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩০.৫ মিলিমিটার। দিঘায় গত ২৪ ঘণ্টায় ৯.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জমা জল, যত্রতত্র গাছ ভেঙে পড়া কিংবা বিদ্যুতের তার ছিড়ে পড়ার মতো বিপজ্জনক ঘটনায় শহরের রাস্তায় ভোগান্তি বেড়েছে জনসাধারণের। যান চলাচলের গতি স্লথ হয়েছে। শনিবারও তেমনই পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। কারণ শনিবারও দিনভর দফায় দফায় বৃষ্টি হবে কলকাতায়।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
