অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর এক্স হ্যান্ডেল থেকে জানা যাচ্ছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, কমিশন নির্ধারিত পদ্ধতি লঙ্ঘন করছে এবং বারংবার ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করছে।

একটি কড়া ভাষায় লেখা পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত নির্দেশাবলী সরকারি মাধ্যম এবং যাচাইযোগ্য মাধ্যমের পরিবর্তে হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে। তিনি বিশেষভাবে একজন স্পেশাল রোল অবজার্ভারের কথা উল্লেখ করেছেন, যিনি জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দিচ্ছিলেন বলে অভিযোগ। এটি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সংখ্যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। তিনি এই প্রশ্নও তুলেছেন যে, মাইক্রো অবজার্ভারদের কি আদালতের বেঁধে দেওয়া সহায়কের ভূমিকার বাইরে গিয়ে কাজ করতে বাধ্য করা হচ্ছে?

তাঁর এই অভিযোগ প্রমাণ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট দিয়েছেন, যেখানে নির্দেশাবলী বিধিবদ্ধ মাধ্যম ছাড়াই শেয়ার করার প্রমাণ মিলেছে। তিনি আরও অভিযোগ করেছেন যে, জেলা-ভিত্তিক রোল অবজার্ভারদের লগ-ইন পাসওয়ার্ড কলকাতার একটি কেন্দ্রীয় জায়গা থেকে ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, দিল্লি থেকে আসা নির্দেশ মতো, একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করতে সরকারি তথ্যের অপব্যবহার করা হচ্ছে।
তিনি ইঙ্গিত দিয়েছেন যে, বিষয়টি নিয়ে আদালতে যাওয়া হবে। তাঁর মতে, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা কোনও রাজনৈতিক প্রভাবের উপর নয়, বরং জনগণের আস্থার উপর নির্ভরশীল হওয়া উচিত।

যদিও এই খবরের সত্যতা বাংলা লাইভ সংবাদপত্র যাচাই করেনি।
