পুজো ভাসবে বৃষ্টিতে !
পুজো ভাসবে বৃষ্টিতে? এই আশঙ্কাই গ্রাস করছে বাঙালিকে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর–পূর্ব ও পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। পুজোর মুখেই ২৫–২৬ সেপ্টেম্বর নিম্নচাপটি তৈরি হওয়ার কথা। পরে গভীর নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল নিম্নচাপে পরিণত হলে বাংলাজুড়ে টানা বৃষ্টি হবে।

এদিকে, পুজোর আগে আজ শেষ শনিবার। এদিনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। শনিবার বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। রবিবার অর্থাৎ মহালয়ায় একই পূর্বাভাস রয়েছে নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। সোমবার এবং মঙ্গলবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা।
দুর্গাপুজো নিয়ে শুক্রবার বিশেষ বিবৃতি দিয়েছে হাওয়া অফিস। বলা হয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পুজোর শেষের দিকে, নবমী এবং দশমীর দিন। অর্থাৎ হাওয়া অফিসের কথায়, ২৫ কিংবা ২৬ সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধিও রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
তবে উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে।